সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন উল্লাপাড়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন
মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উল্লাপাড়া উপজেলার কৃতি সন্তান, বিএনপি নেতা ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মরহুম নিজাম উদ্দিনের পুত্র। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতির দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেন।
রাজনীতির পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সুনাম অর্জন করেছেন।
জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর নিয়োগের সংবাদ ছড়িয়ে পড়লে উল্লাপাড়া উপজেলা ও সিরাজগঞ্জ জেলার বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ।
প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন বলেন, “আমার প্রতি আস্থা রাখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সিরাজগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার চেষ্টা করব।”
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীনের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।








