তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাঁদের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সফল নারীদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফছার আলী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নুসরাত জাহান বলেন, “প্রান্তিক ও দুঃস্থ নারীদের সাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শুধু প্রশিক্ষণ নিলেই চলবে না, প্রাপ্ত সেলাই মেশিনকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে সমাজ ও দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে স. ম. আফছার আলী বলেন, হস্তশিল্প ও দর্জি বিজ্ঞানে দক্ষতা অর্জনের মাধ্যমে এই দুঃস্থ নারীরা এখন নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেলেন। ঘরে বসেই উপার্জনের পথ সুগম হওয়ায় তাঁদের সংসারের অভাব-অনটন দূর হবে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ), ঢাকা-এর অর্থায়নে এবং সোশ্যাল প্রোগ্রেসিভ ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসপিডিএফ), তাড়াশ-এর সফল বাস্তবায়নে এ প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। অনুদানপ্রাপ্ত নারীরা এ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।








