তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্র থেকে একযোগে এ দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল উদ্বোধনের পরপরই তাড়াশ উপজেলা চত্বর ও সংলগ্ন এলাকায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার এবং তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকিরসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। আজ থেকে শুরু হওয়া এই তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি ধারাবাহিকভাবে তাড়াশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অব্যাহত থাকবে।”
তিনি ডেঙ্গুমুক্ত তাড়াশ গড়তে সাধারণ জনগণকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।








