উল্লাপাড়ায় প্রয়াত বিএনপি নেতা আব্দুস ছালামের স্মরণসভা অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রয়াত বিএনপি নেতা আব্দুস ছালামকে স্মরণে এক আবেগঘন স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
স্মরণসভায় বক্তারা আব্দুস ছালামের রাজনৈতিক জীবন ও দলীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক, যিনি ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দলের সাংগঠনিক ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শ, সততা ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মানু, শফিউল মোমেন শফি, সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সদস্য তৌফিকুল ইসলাম জুয়েল, আলাল হোসেন জিন্নাহ, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র বেলাল হোসেন, সাবেক সদস্য সচিব মকুল হোসেন, গোলাম আউলিয়া, কে এম মাহবুবসহ আরও অনেকে।
এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা স্মরণসভায় অংশ নেন। পঞ্চক্রোশী, হাটিকুমরুল ও দুর্গানগর ইউনিয়নসহ ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সভাটি এক মিলনমেলায় পরিণত হয়।
স্মরণসভা শেষে প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।








