ময়মনসিংহে চরসিরতা ও পরানগঞ্জে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ও পরানগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামোর ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এসব প্রকল্পের মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক ও কালভার্ট সংস্কার, ড্রেন নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নামাজের স্থান নির্মাণ এবং মাদরাসার আসবাবপত্র সংস্কার।
রবিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। স্থানীয় পর্যায়ে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল সহজ করার লক্ষ্যে এসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নামাজ আদায়ের উপযুক্ত স্থান নির্মাণ এবং মাদরাসার প্রয়োজনীয় আসবাবপত্র সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি হবে।
উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে রবিবার বিকেলে চরসিরতা বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। পূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
এ সময় তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পূজামণ্ডপগুলোতে নজরদারি রাখার নির্দেশনা দেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে স্থানীয় জনগণকে সহযোগিতা করার ওপরও গুরুত্ব দেন তিনি।
মতবিনিময় সভায় কোতোয়ালি বিএনপির আহ্বায়ক হেলাল আহম্মেদ, সদস্যসচিব আতাহারুল ইসলাম বুলবুল, জেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহম্মেদ শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় এলাকার উন্নয়ন কার্যক্রম, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।
চরসিরতা ও পরানগঞ্জ ইউনিয়নে এক দিনে ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। একই সঙ্গে ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।








