বিনগ্রামে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠিত
আমিনুল হক, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার বিনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘আব্দুল গণি-পূন্যজান ফাউন্ডেশন’-এর উদ্যোগে গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩:৩০ ঘটিকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, যুক্তরাষ্ট্রের ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও ‘আব্দুল গণি-পূন্যজান ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান মোঃ এমদাদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রী কলেজের বরেণ্য শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ প্রফেসর এস.এম. জার্জিস কাদির বাবু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ এম আলী হায়দার (আলিয়ার)।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিলহালতী ত্রিমোহনী (অনার্স) কলেজের অধ্যক্ষ এবং ‘আব্দুল গণি-পূন্যজান ফাউন্ডেশন’-এর পরিচালক গোলাম সরওয়ার।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আব্দুস সামাদ বলেন, “সমাজ ও দেশের প্রকৃত উন্নয়নে শিক্ষা, শিক্ষকের মর্যাদা এবং কৃষির অবদান অপরিসীম। গুণী শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সফল কৃষকদের সম্মাননা জানানোর এই উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের পরিচালক ও অধ্যক্ষ গোলাম সরওয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সমাজকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সিংড়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৭ জন গুণী শিক্ষক, ১২ জন কৃতি শিক্ষার্থী এবং ৩ জন সফল কৃষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় শিক্ষক, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।








