তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অভিযানে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার করা হয়।
অভিযানে অংশগ্রহণকারীরা কলেজ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেন ও অন্যান্য স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের বিষয়ে সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, উপাধ্যক্ষ শাহাদাৎ হোসেন, অধ্যাপক আব্দুল হাকিম, আমিনুর রহমান টুটুল, আব্দুল মালেক, সাব্বির আহাম্মেদ, সাবিনা ইয়াসমিন, রাজিয়া সুলতানা, প্রভাষক সুলতান আহমুদসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
অভিযানের বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সতর্কতা নয়, বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য বিষয়ে দায়িত্বশীলতা তৈরি হবে।
এ সময় অধ্যক্ষ জাফর ইকবাল বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কলেজ ক্যাম্পাস নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।








