সিনিয়র সহসভাপতি নির্বাচিত হলেন তাড়াশের জহুরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে তাড়াশের প্রবীণ ও জনপ্রিয় দলিল লেখক আলহাজ্ব জহুরুল ইসলাম মহুরী সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। গত শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এ গৌরব অর্জন করেন।
তিনি দীর্ঘ দিন ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দলিল লেখক পেশায় জড়িত রয়েছেন। বর্তমানে তিনি দক্ষতার সাথে তাড়াশ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন। পেশাগত কার্যক্রমে তাঁর সততা ও অভিজ্ঞতার কারণে জেলা ও উপজেলা পর্যায়ের দলিল লেখকদের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয় এক মুখ।
জেলা দলিল লেখক সমিতির এ গুরুত্বপূর্ণ পদে জহুরুল মহুরী নির্বাচিত হওয়ায় তাড়াশের বিভিন্ন স্তরের মানুষ, সহকর্মী দলিল লেখক এবং স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় স্থানীয় দলিল লেখক ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি জহুরুল ইসলাম মহুরী সাধারণ দলিল লেখকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সিরাজগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ও জোরালো ভূমিকা পালন করবেন।








