বগুড়ায় ট্রাকের ধাক্কায় গার্মেন্টস কর্মকর্তা নিহত
মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বাড়িতে মাতম, এলাকায় শোকের ছায়া বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল জলিল ওরফে এরশাদ নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি সাভারের একটি পোশাক কারখানায় এজিএম হিসেবে কর্মরত ছিলেন। নিহত আব্দুল জলিলের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুরে।
শুক্রবার বেলা আড়াইটার দিকে শেরপুর উপজেলার শালফা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শোরুম থেকে কেনা নতুন মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি কাজিপুরে ফিরছিলেন আব্দুল জলিল ওরফে এরশাদ। পথে শালফা এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল জলিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। তার মৃত্যুতে নিজ এলাকা কাজিপুরেও নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও নীরবতা।








