তাড়াশে উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ জাফর ইকবাল।
অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একাদশ শ্রেণীর নবাগত ছাত্রী তানিশা ইয়াসমিন কথা তাঁর প্রাঞ্জল বক্তব্যে নতুন জীবনের অনুভূতি ব্যক্ত করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। এছাড়া সিনিয়র শিক্ষার্থীদের পক্ষ থেকে নবাগতদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দ্বিতীয় বর্ষের ছাত্রী মহুয়া সরকার ও নিশাত জাহান।
নতুন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার দিকনির্দেশনা দিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ শাহাদত হোসেন, জেলার শ্রেষ্ঠ অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আব্দুল হাকিম, আমিনুর রহমান টুটুল, জহুরুল ইসলাম, ফিরোজা ইয়াসমিন, সাব্বির আহমেদ এবং আবুল কালাম আজাদ।
বক্তাগণ তাঁদের বক্তব্যে বলেন, “শিক্ষা কেবল সনদ অর্জনের জন্য নয়, চরিত্র গঠন ও জ্ঞান অর্জনের মূল হাতিয়ার।” তাঁরা নবীন শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়ালেখায় মনযোগী হওয়ার আহ্বান জানান।
সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “নারী শিক্ষাকে এগিয়ে নিতে এবং আলোকিত সমাজ গঠনে এই প্রতিষ্ঠান সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।” বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।








