মানবতার সেবায় ১ টাকার মানবিক পরিবার, দীঘিনালার অসহায়দের পাশে
দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিবেদক
বন্ধুদের সাথে মানুষের পাশে,সর্বদা আমরা সকলের তরে- এই স্লোগানকে সামনে রেখে ২০২২ সাল থেকে দীঘিনালায় মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে *”১ টাকার মানবিক পরিবার”*। স্বল্প আয়ের মানুষের ক্ষুদ্র দানের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য।
গত ৪ বছর ধরে সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে এলাকার গরীব-দুঃখী, অসুস্থ, দুস্থ শিক্ষার্থী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক ও নানাভাবে সহযোগিতা করে আসছে। প্রতি মাসে সদস্যদের ১ টাকা করে জমা এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় গড়ে ওঠা এই ফান্ড থেকেই সেবা কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনের দায়িত্বশীলরা বলেন, “আমরা বিশ্বাস করি ছোট ছোট সাহায্যই বড় পরিবর্তন আনতে পারে। ১ টাকা দিয়ে কেউ বড়লোক হয় না, কিন্তু ১০ মানুষ ১ টাকা করে দিলে একজন অসহায় মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে।”
এ পর্যন্ত সংগঠনটি দীঘিনালার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি, অসুস্থ রোগীর চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণসহ নানা মানবিক কাজ করেছে। এলাকাবাসী এই উদ্যোগকে ব্যাপকভাবে সাধুবাদ জানিয়েছেন।
সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করে সমাজের সকল স্তরের মানুষকে এই মানবিক কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।








