তাড়াশে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ‘নজরুল বর্ষ ২০২৬’-এর শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, অসাম্প্রদায়িক মনোভাব ও সাম্যের বাণী তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
অনুষ্ঠানে বিদ্রোহী ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের বৈচিত্র্যময় জীবন, সাহিত্যকর্ম এবং জাতীয় জীবনে তাঁর অবদানের ওপর আলোকপাত করে বিশেষ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এবং তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ।
বক্তারা বলেন, “নজরুলের সাহিত্য ও জীবনদর্শন অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। তাঁর সৃষ্টি আমাদের জাতীয় সত্তার অন্যতম ভিত্তি। তরুণ সমাজকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে বলীয়ান করতে নজরুলের সাম্যের বাণী ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
আলোচনা সভা শেষে চলনবিল মুকুল মেলার সংগীত শিক্ষক শাহ আলমের সুর ও পরিচালনায় এক দৃষ্টিনন্দন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা কবির কালজয়ী নজরুল সংগীত পরিবেশন করেন এবং আবৃত্তিশিল্পীরা কবির সাম্য ও চেতনার কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী জুয়েলের প্রাণবন্ত ও সাবলীল সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।








