তাড়াশে চলনবিলের উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ পোনামাছ অবমুক্ত
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশে চলনবিলের উন্মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে ৫০ মণ পোনামাছ অবমুক্ত করা হয়েছে। তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুমের ব্যক্তিগত অর্থায়নে এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়।
রবিবার সকালে উপজেলার মাগুড়াবিনোদ এলাকার বিলে আনুষ্ঠানিকভাবে এসব পোনামাছ অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “চলনবিল আমাদের প্রাকৃতিক সম্পদের এক অপার ভাণ্ডার। বিলের উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও প্রান্তিক মানুষের আমিষের চাহিদা মেটাতে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
পোনামাছ অবমুক্তকরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিলন খাঁন ও শুকুর মির্জা, এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান।
এছাড়াও স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।








