তাড়াশে একই দিনে দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশে একই দিনে পৃথক দুই স্থান থেকে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উভয় ঘটনাতেই নিহতের পরিবার থেকে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনা দুটি ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন—উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামের ইয়াসিন হাসেমের স্ত্রী সানজিদা মিম (১৯) এবং সগুনা ইউনিয়নের খুকনিপাড়া গ্রামের আব্দুল জলিলের স্ত্রী সালমা বেগম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার হাড়িসোনা গ্রাম থেকে সানজিদা মিমের এবং খুকনিপাড়া গ্রাম থেকে সালমা বেগমের মৃতদেহ তাদের স্ব-স্ব স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
সানজিদার স্বজনদের দাবি, এটি কোনো আত্মহত্যার ঘটনা নয়। গৃহবধূ সানজিদাকে নির্মমভাবে হত্যা করার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে মরদেহ ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।
অন্যদিকে, সালমা বেগমের স্বজনদেরও একই অভিযোগ। তাদের দাবি, পারিবারিক কলহের জেরে সালমাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, “সোমবার পৃথক দুটি স্থান থেকে খবর পেয়ে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপাতত মরদেহ দুটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”
একই দিনে দুই গৃহবধূর এমন রহস্যজনক মৃত্যুর খবরে পুরো উপজেলাজুড়ে শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।








