তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ এবং তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নিশাত খাতুন। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তারা মৎস্য সম্পদ রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং আমিষের চাহিদা পূরণে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের চারজন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।








