চলনবিলে গড়ে তোলা হবে আধুনিক পর্যটন কেন্দ্র: পর্যটন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
বৃহত্তর চলনবিলকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে এখানে একটি সর্বাধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, “চলনবিলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ভ্রমণপিপাসুরা প্রশান্তি খুঁজে পাবেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে তা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”
শনিবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ‘চলনবিল সমন্বিত ইকো-ট্যুরিজম ও আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন প্রকল্প’-এর সম্ভাব্যতা যাচাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভার আগে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের উদ্যোগে পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা চলনবিলের প্রাণকেন্দ্র ৯ নম্বর ব্রিজ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান শহিদুজ্জামান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং তাড়াশ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় পর্যটন মন্ত্রী আরও জানান, চলনবিল অধ্যুষিত নাটোর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। তাড়াশের ৯ নম্বর ব্রিজ এলাকার সম্ভাবনাময় স্থানটিও পর্যবেক্ষণ করা হলো।
তিনি উল্লেখ করেন, চলনবিলকে কেন্দ্র করে আধুনিক পর্যটন শিল্প গড়ে তোলার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিস্তারিত আলোচনা করে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।








