তাড়াশে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
”রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই স্লোগান ও প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে রবিবার সকালে অনুষ্ঠানমালার সূচনা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী, উপজেলা সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা এবং এলাকার সফল মৎস্য চাষী রবিউল করিম ও আব্দুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, তাড়াশ অঞ্চলে মৎস্য উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি করা, আধুনিক ও বৈজ্ঞানিক চাষ পদ্ধতি গ্রহণ এবং দেশের প্রোটিনের চাহিদা পূরণে প্রান্তিক মৎস্য চাষীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মৎস্য খাতের এই অগ্রগতি বজায় রাখতে চাষীদের সর্বাত্মক সহায়তার ওপর জোর দেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ উপজেলার সফল মৎস্য চাষীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।








