তাড়াশে ট্রাকচাপায় পথচারী নিহত
নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত ট্রাকের চাপায় জসিম উদ্দিন (৪৮) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় ওহি জেনারেল হাসপাতালের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধা খানমরিচ গ্রামের শামসুদ্দিনের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে খালকুলা এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক পার হচ্ছিলেন জসিম উদ্দিন। এ সময় পাবনাগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, “খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত পথচারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”








