দীঘিনালা বন বিহারে ২ দিনব্যাপী ২৭তম কঠিন চীবর দান উৎসব*
অনিক দাশ দেবাশীষ*দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ দানোৎসব খাগড়াছড়ির দীঘিনালা বন বিহারে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ২ দিনব্যাপী *২৭তম দানরাজা সিমা কঠিন চীবর দান-২০২৬ খ্রি.*।
গত *২৯-৩০ অক্টোবর (বৃহস্পতি ও শুক্রবার)* দীঘিনালা বন বিহার পরিচালনা কমিটি ও শ্রদ্ধাবান দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকাবৃন্দের আয়োজনে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত বিহার প্রাঙ্গণে এই মহতী পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, উৎসবের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় *শ্রীমৎ নন্দপাল মহাথেরো* এবং প্রধান সদ্ধর্ম দেশনা প্রদান করেন পরম পূজনীয় *বীজানন্দ মহাস্থবির ভান্তে*। উৎসবে মিমি ভালেদী পূণাইনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দানসহ নানা ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে দূর-দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী অংশগ্রহণ করেন।
*আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো:*
এই বৃহৎ ধর্মীয় সমাগমকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দীঘিনালা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
*দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব ইকবাল বাহার চৌধুরী* বলেন, “কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। নজরদারি, ট্রাফিক ব্যবস্থাপনা ও বিহার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।”
আয়োজক কমিটি সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।








