সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুজন আহমেদ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত উপস্থিত বক্তৃতা ইভেন্টে রাজশাহী বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মেধাবী শিক্ষার্থী জারিফ হাসান। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের বন্যা বইছে।
জারিফ হাসান এমন একটি শিক্ষানুরাগী পরিবারে বেড়ে উঠছে, যেখানে শিক্ষা, মূল্যবোধ ও মানবিকতার চর্চা সমানভাবে গুরুত্ব পায়। তার বাবা শামীম হাসান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের একজন বিভাগীয় পর্যবেক্ষক এবং মা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছোটবেলা থেকেই পারিবারিক পরিবেশে শিক্ষা ও নৈতিকতার চর্চা জারিফকে আত্মবিশ্বাসী ও মেধাবী হিসেবে গড়ে তুলেছে।
পরিবার সূত্রে জানা যায়, জারিফের এই অর্জনের পেছনে তার কঠোর পরিশ্রমের পাশাপাশি মা-বাবার নিরলস উৎসাহ ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষার পাশাপাশি সুন্দর চিন্তাভাবনা, শুদ্ধ উচ্চারণ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে পরিবার সবসময় তাকে সহযোগিতা করেছে।
জারিফের বাবা শামীম হাসান বলেন, “ছেলের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। তার জন্য সবাই দোয়া করবেন, যেন সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারে এবং দেশ ও জাতির জন্য কাজ করতে পারে।”
জারিফের মা বলেন, “শিশুদের প্রতিভা বিকাশে পরিবার ও শিক্ষকদের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জারিফের এই সাফল্য তাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।”
জারিফের এই কৃতিত্বকে সাধুবাদ জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাজশাহী বিভাগের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহ মানিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “জারিফের এই অর্জন আমাদের সমাজের জন্য অনুকরণীয়। তার মতো আরও অনেক শিক্ষার্থী ভবিষ্যতে নিজেদের মেধার স্বাক্ষর রাখবে বলে আমি আশা করি।”
শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী মনে করেন, জারিফ হাসানের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমগ্র সমাজের জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, জারিফ ভবিষ্যতেও তার মেধা ও যোগ্যতার মাধ্যমে আরও সাফল্য বয়ে আনবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে।