উল্লাপাড়া প্রতিনিধি: সুজন আহমেদ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দিনব্যাপী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা যায়, ইউনিয়নের ৩৪০০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে সরকারের এই মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সুশৃঙ্খল পরিবেশে তালিকাভুক্ত পরিবারের সদস্যদের হাতে চাল তুলে দেওয়া হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মারুক হোসেন, ইউপি সচিব রেকাব আলী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে অসহায় পরিবারগুলোও ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারে। তারা আরও বলেন, সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।