সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বনিবাড়িয়া গ্রামে এক কৃষকের ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে ভুক্তভোগী কৃষক মোহাম্মদ আলীর।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলীর চাচা সুজাবত আলীর মৃত্যুর পর তার নাতি ফিরোজ, ফারুক, ফরহাদ ও করিম ওয়ারিশ হিসেবে সম্পত্তির মালিক হন। পরবর্তীতে ২০১৬ সালে মোহাম্মদ আলী ফিরোজ ও ফরহাদের নিকট থেকে তাদের অংশ অনুযায়ী ২.৮ শতক জমি ক্রয় করেন। অন্যদিকে, ফজলুল হক, সাইদার রহমান, আশরাফ আলী ও হায়দার আলী ফারুক ও করিমের নিকট থেকে ৩.৩২ শতক জমি ক্রয় করেন।
ভুক্তভোগীর দাবি, প্রতিপক্ষরা তাদের নিজস্ব ক্রয়কৃত জমির বাইরে অতিরিক্তভাবে তার ২.৮ শতক জমিও জোরপূর্বক দখলের চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এ অবস্থায় তিনি উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
মোহাম্মদ আলী জানান, নানা জটিলতার কারণে তিনি এখনো তার ক্রয়কৃত জমির নামজারি সম্পন্ন করতে পারেননি। তবে প্রতিপক্ষরা নিয়মবহির্ভূতভাবে বেশি জমি দলিল করে নামজারি সম্পন্ন করেছেন বলে তিনি অভিযোগ করেন। এ সুযোগে তার জমিও দখলের চেষ্টা চলছে বলে দাবি তার।
অন্যদিকে, অভিযুক্ত ফজলুল হক, সাইদার রহমান, আশরাফ আলী ও হায়দার আলী অভিযোগ অস্বীকার করে জানান, তারা কারও জমি দখলের চেষ্টা করছেন না; বরং নিজেদের ক্রয়কৃত জমি বুঝে নেওয়ার চেষ্টা করছেন। তাদের দাবি, তারা নিয়ম অনুযায়ী নামজারি সম্পন্ন করেছেন এবং উল্টো মোহাম্মদ আলী তাদের হয়রানি করছেন।
এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং আগামী ২৩ এপ্রিল উভয় পক্ষকে নোটিশ দিয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।