
নিজস্ব প্রতিনিধিঃ মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
আজ ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকালে তাড়াশ পৌরসভা কার্যালয়ের সামনে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির অধীনে এ চাউল বিতরণ করা হয়। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মাস্টাররোল অনুযায়ী চূড়ান্তকৃত ১০০ জন তালিকাভুক্ত উপকারভোগীর প্রত্যেকের হাতে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও তাড়াশ পৌরসভার প্রশাসক এ জেড এম নাহিদ হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও খন্দকার সাইফুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, পৌর বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, পৌর সচিব তাইয়ুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মুকুল হোসেন এবং তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাড়াশ পৌর প্রশাসক এ জেড এম নাহিদ হোসেন বলেন, "প্রাকৃতিক দুর্যোগ ও নানা প্রতিকূলতায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতেই সরকারের এই উদ্যোগ। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল প্রকৃত দুস্থদের সহায়তার আওতায় আনা হবে।"